Monday, July 30, 2012

আরব বিজ্ঞানীদের ক্যান্সারের ওষুধ আবিস্কারের দাবি

আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
উটের দুধ ও মূত্র থেকে আরবের একদল বিজ্ঞানী ক্যান্সারের ওষুধ আবিষ্কার করেছেন বলে দাবি করছেন।
আরব বায়োটেকনোলজি কোম্পানির (এবিসি) গবেষকরা জানান, তারা এ ওষুধটি ইঁদুরের শরীরে প্রয়োগ করেছেন। তারা শতভাগ সফল হয়েছেন বলেও দাবি করেন। খবর পিটিআইর।
তারা বলেন, উটের দুধ ও মূত্রে এক ধরনের বিশেষ উপাদান আছে যা প্রতি মুহূর্তে নবযৌবন লাভ করে। এটাকে তারা ওষুধের স্যাম্পল হিসেবে নেন।
দীর্ঘদিন গবেষণা করে ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার করেন।
বিজ্ঞানীরা বলছেন, গবেষণাগারে তারা ইঁদুরের শরীরে ছয় মাস ধরে এ ওষুধ প্রয়োগ করে আসছেন। এগুলো এখনো বেশ সুস্থ সবল আছে। এগুলোর আচরণও স্বাভাবিক। এ ওষুধে বিশেষ ধরনের কোষ আছে। এ কোষ ক্যান্সার আক্রান্ত কোষের বিষাক্ত অংশ ধ্বংস করে ফেলে। তবে এতে পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে তারা দাবি করেন।
আরব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আবদাল্লা আলনজর বলেন, তারা অচিরেই এ ওষুধ মানুষের শরীরে প্রয়োগ করবেন। তিনি বলেন, সারজাহ বিশ্ববিদ্যালয়ে এ পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় বাগদাদের ক্যান্সার ইনস্টিটিউটে।
এ ওষুধ প্রধানত ব্লাড ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হবে। এ ছাড়া ফুসফুস, লিভার ও স্তন ক্যান্সারের প্রতিষেধক হিসেবে ব্যবহারের জন্য এটি উন্নত করা হচ্ছে।
আরব ক্যান্সার কন্ট্রোল অ্যাসোসিয়েশনের মতে, ক্যান্সারে বছরে ৬০ লাখ মানুষ মারা যায়। আরব বিশ্বে হার্টঅ্যাটাক ও কম্যুনাল রোগের পরে মানুষের মৃত্যুর দ্বিতীয় কারণ এটি।

ধূমপানের ৩০ মিনিটের মধ্যে ক্যান্সার সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়

আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
ধূমপান করলে শরীরের ফুসফুসে ক্যান্সারের কোষ সৃষ্টি হয়-এ কথা সবারই কমবেশি জানা। তা জেনেও ধূমপায়ীরা সিগারেটের মোহ ত্যাগ করতে পারেন না। তাঁদের কাছে একটা সান্ত্বনা হয়ত ছিল-ধূমপানের বিষ তিল তিল করে জমে ক্যান্সারের সূত্রপাত ঘটাতে অনেক বছর লেগে যাবে। অন্যদিকে যাঁরা সবে সিগারেট ধরেছেন, তাঁদের মনে হতে পারে-মাত্রই তো শুরু, এখনই এতো সাবধান হওয়ার কী আছে? তাঁদের সবার জন্য এবার যুক্তরাষ্ট্রের একদল গবেষক শুনিয়েছেন হিমশীতল সতর্কবার্তা। ধূমপানের মাত্র কয়েক মিনিটের মধ্যেই সিগারেট থেকে নির্গত রাসায়নিক বিষ আপনার শরীরের জেনেটিক ক্ষতিসাধন করে ফেলে।
গবেষকরা ১২ জন স্বেচ্ছাসেবী ধূমপায়ীর ওপর পরীক্ষা করে দেখেছেন, ‘পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস’ (পিএএইচ) নামের ক্যান্সার সৃষ্টির রাসায়নিক যৌগ ধূমপানের পর কী মাত্রায় মানবশরীরের ডিএনএর (ডিঅঙ্রিাইবো নিউক্লিক অ্যাসিড) ক্ষতিসাধন করে। তাঁরা দেখতে পেয়েছেন, সিগারেটসংশ্লিষ্ট পিএএইচ রাসায়নিকটি ধূমপানের মাধ্যমে শরীরে প্রবেশ করলে মাত্র ১৫ থেকে ৩০ মিনিটের ভেতরে এমন আরেকটি রাসায়নিক যৌগে পরিবর্তিত হয় যা ডিএনএর এমন ক্ষতি করে। আর ক্যান্সারের শুরুটা ঘটে এভাবেই।
‘অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ’ বা অ্যাশের পলিসি পরিচালক মার্টিন ডকরিল বলেন, ‘এ গবেষণার ফলাফল আমাদের দেখিয়ে দিয়েছে-ধূমপানের পর কত দ্রুত ক্যান্সার সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়ে যায়। ৩০ বছর নয়, মাত্র ৩০ মিনিটেই এটি আমাদের জেনেটিক জগতে আঘাত হানে।’
সূত্র : এএফপি, বিবিসি।

নিজস্ব স্মার্টফোন বাজারে আনবে ফেসবুক

আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
সেলফোনভিত্তিক বিজ্ঞাপনসেবা থেকে রাজস্ব বাড়ানো ও ব্যবহারকারীকে আরো বেশি সুবিধা দিতে ২০১৩ সালের মাঝামাঝি সময়ে নিজস্ব স্মার্টফোন বাজারে আনবে শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এ জন্য জোটবদ্ধ হয়েছে তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসির সঙ্গে।
গূত্রমতে, এ বছরই ফেসবুক ফোন বাজারে আনার সময় নির্ধারণ করেছিল ফেসবুক। এইচটিসিকে অন্যান্য পণ্য নিয়ে কাজ করার সুবিধা দিতে ফেসবুক ফোনের বাজারজাত করার সময় আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত পিছিয়েছে। অবশ্য ফেসবুক কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

স্মার্টফোনের অপারেটিং সিস্টেমটি ফেসবুক নিজেদের সুবিধামতো সাজিয়ে নেবে বলে জানা গেছে। আইফোনের অ্যাপ্লিকেশনগুলো আরও উন্নত করার জন্য অ্যাপলের কিছু প্রোগ্রামারকে ফেসবুকে নিয়োগ দেয়া হয়েছে।
ফেসবুকের বর্তমান ব্যবহারকারী ৯০ কোটি। এদের প্রায় অর্ধেকই সেলফোন ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক ব্যবহার করেন। গত বছর ফেসবুক বিজ্ঞাপন থেকে রাজস্ব লাভ করে ৩১৫ কোটি ডলার। তবে এর কানাকড়িও সেলফোন বিজ্ঞাপন থেকে আসেনি। বিশ্লেষকদের মতে, সেলফোন বিজ্ঞাপন থেকে প্রচুর রাজস্ব লাভের সুযোগ রয়েছে। বিষয়টি বিবেচনা করে ফেসবুক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ ফেসবুক ফোন আনার জন্য আরও আগেই কাজ শুরু করেন। এ ফোনে সামাজিক যোগাযোগ সাইটটি ব্যবহারে বিশেষায়িত সেবা থাকবে।

চলতি বছরের মার্চ থেকে সেলফোনে বিজ্ঞাপন প্রচারের সুবিধা চালু করেছে ফেসবুক। তবে এখন পর্যন্ত এ খাত থেকে আয়ের খতিয়ান প্রকাশ করেনি। সাইটটির মতে, ব্যবহারকারীসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বিজ্ঞাপন প্রবৃদ্ধি বাড়ার আশা করা যায় না।

টপেকা ক্যাপিটাল মার্কেটের বিশ্লেষক ভিক্টর অ্যান্থনি বলেন, দিন দিন সেলফোন থেকে ফেসবুক ব্যবহার বাড়ছে। তবে এ প্লাটফর্ম থেকে আয় করতে পারছে না ফেসবুক । বিশেষায়িত ফোন বাজারে এলে ফেসবুকের জন্য বিজ্ঞাপন প্রচার করা সহজ হবে। কারণ ব্যবহারকারী এর মাধ্যমে সব সময়ই ফেসবুকে যুক্ত থাকবেন।

এইচটিসির সঙ্গে চুক্তির ব্যাপারে তাইওয়ানভিত্তিক এইচটিসির মুখপাত্র স্যালি জুলিয়েন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
১৮ মে বাজারে আসে ফেসবুকের হাজার কোটি ডলারে আইপিও। এ পর্যন্ত শেয়ারদর ২৩ শতাংশ পর্যন্ত কমেছে। সেলফোন বিজ্ঞাপন থেকে আয় করতে পারছে না বলে প্রতিষ্ঠানটির রাজস্ব লাভ আশানুরূপ হচ্ছে না বলে মনে করেন বিশ্লেষকরা।

বুধাবার ফেসবুকের শেয়ারের দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ২৯ ডলার ৩৪ সেন্টে দাঁড়িয়েছে। এক বিবৃতিতে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়, সেলফোন নিয়ে আমাদের কৌশল খুবই সহজ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশের সুবিধা থাকলে সেলফোনগুলো আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সেলফোন খাত-সম্পর্কিত অপারেটর, হার্ডওয়্যার উন্নয়নকারী প্রতিষ্ঠান, অপারেটিং সিস্টেম সরবরাহকারী ও অ্যাপ্লিকেশন উন্নয়কারী সবার সঙ্গেই কাজ করছে ফেসবুক।

অ্যাপলের সাবেক প্রকৌশলী গ্রেগ নভিককে নিয়োগ দিয়েছে ফেসবুক। তিনি টাচস্ক্রিনের কার্যকারিতা নিয়ে কাজ করেন। এ ছাড়া রয়েছেন টিম ওমারনিক ও ক্রিস ট্রেমব্লে। তারা সফটওয়্যার প্রকৌশলী। আরো আছেন স্কট গুডসন। তিনি শেয়ারবাজার-সম্পর্কিত অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেন।

তালিকায় রয়েছেন আরও বেশ কয়েকজন প্রকৌশলী। অ্যাপল থেকে আসা প্রকৌশলীরা ফেসবুকের আইফোন অ্যাপ্লিকেশন উন্নয়নের জন্য কাজ করছেন।

সমালোচকদের মতে, বর্তমান অ্যাপ্লিকেশনটি ধীরগতির। আশা করা হচ্ছে, কয়েক মাসের মধ্যেই নতুন অ্যাপ্লিকেশন বাজারে আনবে ফেসবুক। অ্যাপল ছাড়াও অন্য মোবাইল অপারেটিং সিস্টেম পামের বেশ কয়েকজন প্রকৌশলীকে নিয়োগ দিয়েছে ফেসবুক।

এ মাসের শুরুতে আইডাহোয় অ্যালেন অ্যান্ড কো মিডিয়া সম্মেলনে জাকারবার্গ জানান, ডেস্কটপের ফেসবুক ব্যবহার ও সেলফোনে ব্যবহারের অভিজ্ঞতা আলাদা। সেলফোনে এর ব্যবহারে মানিয়ে নেয়া চ্যালেঞ্জের বলে মনে করেন তিনি।
ফেসবুক ফোনের ব্যাপারে প্রযুক্তিবিষয়ক খবরের সাইট অলথিংস ডিজিটালের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১২ সালের শেষ দিকে কিংবা ২০১৩ সালের মাঝামাঝি সময়ে বাজারে আসবে ফেসবুক ফোন।

বর্তমানে অ্যাপলের আইফোনে ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফেসবুক ব্যবহারের সুবিধা রয়েছে। সাইটটির সঙ্গে স্মার্টফোনগুলোর সম্পর্ক আরও গভীর করতে চায় ফেসবুক। আর নিজস্ব সেলফোন আনার মাধ্যমে বিষয়টির ওপর তাদের নিয়ন্ত্রণ আরো
পাকাপোক্ত হবে।

বাজারে আসছে আইফোন-৫

আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
এবার সত্যিই বাজারে আসছে আইফোন-৫। অ্যাপলভিত্তিক ব্লগ সাইট আইমোরে এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এদিকে আগামী ১২ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানের জন্য আমন্ত্রণপত্র তৈরি করেছে অ্যাপল। সব মিলিয়ে এবারের সমীকরণটা বিফলে যাবে না। এমনটাই বলছেন প্রযুক্তি বাজার পর্যবেক্ষকেরাও।
শুধু আইফোন-৫ নয়। সঙ্গে জুটি হয়ে আসছে আইপ্যাড মিনির নব সংস্করণ। অতীতে অ্যাপল নিয়ে সব সত্য তথ্য দিয়েছে এমন সংবাদমাধ্যমও এ দিনক্ষণ নিয়ে কোনো প্রশ্ন তুলছে না। বরং একে নির্ভরযোগ্য বলেই অবস্থান নিয়েছে।
আগামী ১২ সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন হলেও বিশ্ব বাজারে এ পণ্য দুটি বাণিজ্যিক বিপণন শুরু হবে ২১ সেপ্টেম্বর থেকে।
অর্থাৎ উন্মোচনের ৯ দিন পর ভোক্তাদের হাতে এ দুটি পণ্য পৌঁছতে শুরু করবে। একই দিনে নতুন আইফোন আর আইপ্যাড বাজারে আনাকে বিপণন কৌশলে নতুন সংযোজন বলে বিশ্লেষকেরা বলছেন।
গুগল নেক্সাস-৭ মডেলকে চ্যালেঞ্জ করতেই নতুন আইপ্যাড নিয়ে আসা হচ্ছে। আর এ প্রতিযোগিতা অ্যাপল আবারও এগিয়ে যাবে বলেই সংশ্লিষ্টরা অভিমত দিয়েছেন। এরই মধ্যে জাপানভিত্তিক ব্লগমাধ্যমে নতুন আইফোনের একটি ছবিও প্রকাশ করা হয়েছে। সব মিলিয়ে অ্যাপল ভক্তরা এখন সেপ্টেম্বরেই দিকে তাকিয়ে আছেন। অপেক্ষার পালা বুঝি এবার ফুরাবে।

অন্ধ হয়ে যেতে পারেন উজ্জল স্ক্রিনের সামনে লম্বা সময় কাটানো ব্যক্তিরা

আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
কম্পিউটার মনিটর বা টেলিভিশনের স্ক্রিনের সামনে লম্বা সময় কাটানো চোখের জন্য যে ক্ষতিকর, তা নতুন কোনো খবর না হলেও এর ভয়াবহতা এতোদিন অজানাই ছিলো। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের জার্নাল অফ পিডিয়াট্রিকসের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অন্ধত্বের কারণ হয়ে দাঁড়াতে পারে ব্যবহারকারীদের স্ক্রিন আসক্তি। খবর ইয়াহু নিউজ-এর।
জার্নাল অফ পিডিয়াট্রিকসের প্রতিবেদন অনুযায়ী, কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের শিশুরা কম্পিউটার মনিটর এবং টেলিভিশনের সামনে প্রতিদিন নির্দিষ্ট মাত্রার চেয়ে শতকরা ৬৬ ভাগ সময় বেশি কাটায়। বিশ্বব্যাপী আরো কয়েক কোটি মানুষকে কাজের খাতিরে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয় কম্পিউটার মনিটরের সামনে। কম্পিউটার মনিটর বা টিভি স্ক্রিনের সামনে এভাবে লম্বা সময় কাটালে তা ধীরে ধীরে চোখের এতোই ক্ষতি করে যে, অন্ধ হয়ে যেতে পারেন উজ্জল স্ক্রিনের সামনে লম্বা সময় কাটানো ব্যক্তিরা।
দীর্ঘ সময় স্ক্রিনের সামনে কাটালে ক্লান্ত হয়ে পড়ে চোখের ছোট ছোট মাংশপেশীগুলো। আর প্রতি মিনিটে সাধারণ একজন মানুষের চোখের পাতা পড়ে প্রতি মিনিটে ১২ থেকে ১৫ বার। কিন্তু ইলেকট্রনিক স্ক্রিনের সামনে থাকলে তা কমে ৪ থেকে ৫ বারে দাঁড়ায়। স্ক্রিনের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে ‘কম্পিউটার ভিশন সিনড্রোম’ বা সিভিএসে আক্রান্ত হতে পারে ব্যবহারকারীরা। এতে ঘোলা দৃষ্ঠি, মাথাব্যাথা এবং আলোর প্রতি মারাত্মক সংবেদনশীলতার শিকার হন ব্যবহারকারীরা।
চোখের এমন ক্ষতি থেকে রক্ষা পেতে কিছুক্ষণ পর পর স্ক্রিনের সামনে থেকে উঠে যতোটা সম্ভব দূরে বসে সময় কাটানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ ছাড়াও স্ক্রিনের উজ্জল আলো থেকে চোখ রক্ষা করতে গ্লেয়ার প্রোটেক্টর ব্যবহারের পরামর্শও দিয়েছেন তারা।

স্মার্ট ফোনে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ

আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
 স্মার্ট ফোনের সাহায্যে সড়ক দুর্ঘটনা এড়াতে কাজ করছে যুক্তরাষ্ট্রের গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান জেনারেল মোটরস (জিএম)। সে লক্ষেই সম্প্রতি পিয়ার-টু-পিয়ার ৮০২.১১ প্রযুক্তির ওপর ভিত্তি করে জিএম তার নিরাপত্তা ব্যবস্থা তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। ফলে রাস্তা পার হওয়ার সময় গাড়ির নিচে পড়ার হাত থেকে বাঁচতে স্মার্টফোনের সাহায্য নিতে পারবেন।
জেনারেল মোটরসের বক্তব্য অনুযায়ী ওয়াই-ফাই প্রযুক্তির ওপর ভিত্তি করে পুরো ব্যবস্থাটি দাঁড় করানো হয়েছে। ওয়াই-ফাই ডিরেক্ট একটি কম্পিউটার নেটওয়ার্কিং মান। এর উপস্থিতিতে ওয়াইফাই হটস্পট ছাড়াই স্মার্টফোনগুলো তথ্য আদান-প্রদান করতে পারে।
ওয়াইফাই অ্যালায়েন্সের মতে, এ প্রযুক্তি সর্বোচ্চ ৬৫৬ ফিট বা দুইটি ফুটবল মাঠের সমান দূরে অবস্থিত দুটো ডিভাইসের মধ্যে সংযোগ ঘটাতে সক্ষম। এর মাধ্যমে ২০০ মিটার দূরে অবস্থিত কোনো বস্তুর অবস্থান সহজেই নির্ণয় করা সম্ভব হবে।
জিএমের গবেষকদের মতে, প্রযুক্তিটি অন্যান্য সেন্সরভিত্তিক বস্তু নির্ণয় করতে পারে। গাড়িগুলোর ভেতর আগে থেকেই ড্রাইভার অ্যালার্ট সিস্টেম রয়েছে। ফলে পথচারী বা সাইকেলচালকের সঙ্গে যদি ওয়াই-ফাই-সংবলিত স্মার্টফোন থাকে তাহলে সময়মতো গাড়িচালকরা সতর্ক হতে পারবেন।
প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনা এড়াতে প্রযুক্তির প্রথম আবিষ্কার হচ্ছে সাইড ভিউ মিরর। তবে এ ক্ষেত্রে বিখ্যাত মার্কিন গাড়ি নির্মাতা জিএম অন্যান্য গাড়ি এবং ইলেকট্রনিক্স নির্মাতাদের উদ্ভাবিত থ্রিজি, ক্যামেরা অথবা রাডার প্রযুক্তি ব্যবহার না করে, করেছে ওয়াইফাই ডাইরেক্ট প্রযুক্তি। সড়কগুলো আরও বেশি জনবহুল হয়ে ওঠায় এ প্রযুক্তির নিয়ে নিরলস গবেষণা করছেন বিজ্ঞানীরা।
সূত্র : অনলাইন

কম্পিউটার গেইমস শিশুদের ক্ষতির কারণ

আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
 বিশ্বজুড়ে বিভিন্ন বয়সী ব্যক্তির বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে কম্পিউটার গেইমস। বিশেষ করে শিশুরা গেইমসের বেশি ভক্ত। তবে সব গেইম যে শিশুদের সুষুম বিনোদন দেয় তা নয়। অনেক গেইম সহিংস ঘটনাকে প্রাধান্য দিয়ে তৈরি হওয়ায় তা শিশুদের মধ্যে হিংসাত্মক আচরণের জন্ম দেয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি এক্সপ্রেস। প্রতিবেদনের তথ্যানুযায়ী, যুক্তরাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে হিংসাত্মক আচরণের জন্য শিশুদের সাময়িক বরখাস্তের ঘটনা দিন দিন বাড়ছে। অন্য শিক্ষার্থীর ওপর হামলা করায় গত দুই বছরে প্রায় এক লাখ ৬১ হাজার ৫৪০ জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন ৮৫০ শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত করা হয় যুক্তরাজ্যে।
সূত্র : ইন্টারনে